ফেসবুক, টিকটক কিংবা চায়ের আড্ডা—সবখানেই ট্রল আর মিমস যেন নিত্যদিনের সঙ্গী। তবে এবার ট্রল দুনিয়ার সেই চিরচেনা রসিকতা সরাসরি হানা দিয়েছে খোদ গুগল মামার সার্চ বক্সে! ইন্টারনেটের দুনিয়ায় এখন নতুন করে ভাইরাল হয়েছে একটি মজার বিষয়। গুগলে গিয়ে যদি আপনি রসিকতা করে “7up খাওয়া দল” লিখে সার্চ করেন, তবে গুগল সার্চ রেজাল্ট কোনো কোল্ড ড্রিংকসের দোকান না দেখিয়ে, সবার উপরে দেখিয়ে দিচ্ছে সেলেসাও অর্থাৎ ব্রাজিল জাতীয় ফুটবল দলের নাম!
হ্যাঁ, ঠিকই শুনেছেন। ফুটবল দুনিয়ায় রাইভালদের দেওয়া সেই ‘সেভেন আপ’ তকমাটি এখন গুগলের অ্যালগরিদমও যেন ভালোভাবেই মুখস্থ করে নিয়েছে।
কেঁচো খুঁড়তে গিয়ে সাপ!
সম্প্রতি ফুটবল টুর্নামেন্টগুলোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দলের পক্ষে-বিপক্ষে ট্রল পোস্টের বন্যা বয়ে যাচ্ছে। বিশেষ করে প্রতিপক্ষ দলের সমর্থকরা যখন একে অপরকে খোঁচা দিয়ে নানারকম পোস্ট ও মিম শেয়ার করছে, তখন গুগলও সেইসব ট্রেন্ডের ওপর ভিত্তি করে সার্চ রেজাল্ট দেখাচ্ছে। আর এই ট্রলের জোয়ারে কেঁচো খুঁড়তে গিয়েই বের হয়ে এসেছে এক যুগের পুরনো সেই ঐতিহাসিক ‘সাপ’।
ব্রাজিল ভক্তদের জন্য যা এক প্রকারের ‘কাটা ঘায়ে নুনের ছিটা’। কারণ, প্রায় ১২ বছর ধরে ফুটবল বিশ্বে ব্রাজিলকে ট্রল করার সবচেয়ে বড় অস্ত্রই হলো এই ‘সেভেন-আপ’। আর অনলাইনের এই বিপুল পরিমাণ ট্রল, পোস্ট আর কিওয়ার্ডের ডাটা অ্যানালাইসিস করে গুগলের সার্চ রেজাল্ট এখন ‘সেভেন-আপ দল’ হিসেবে ব্রাজিলের নামটাই সবার উপরে তুলে ধরছে।
ফিরে দেখা ২০১৪: সেই কলঙ্কিত অধ্যায়
The Study Orbit-এর পাঠকদের নিশ্চয়ই মনে করিয়ে দিতে হবে না ২০১৪ সালের সেই ঐতিহাসিক বিশ্বকাপের কথা। নিজেদের ঘরের মাঠে ‘হেক্সা’ (ষষ্ঠ বিশ্বকাপ) জয়ের মিশন নিয়ে নেমেছিল ব্রাজিল। পুরো দেশ যখন উদযাপনের অপেক্ষায়, ঠিক তখনই সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হয়ে ঘটে যায় ব্রাজিলের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়।
ম্যাচের প্রথম ৪৫ মিনিটেই জার্মানি গোল উৎসব করে ব্রাজিলকে এক হালি পার করে আরও একটি, অর্থাৎ ৫টি গোল দিয়ে দেয়! ম্যাচের দ্বিতীয়ার্ধে জার্মানরা যেন কিছুটা দয়া করেই আর মাত্র ২টি গোল দেয়। একদম শেষ মুহূর্তে ব্রাজিলের অস্কার ১টি সান্ত্বনাসূচক গোল করলেও, ততক্ষণে স্কোরবোর্ডে জ্বলজ্বল করছে ৭-১! ঘরের মাঠে কোটি ভক্তের সামনে লজ্জার এই বিশাল পরাজয় নিয়ে কেঁদে মাঠ ছেড়েছিলেন নেইমার-মার্সেলোদের সতীর্থরা।
এক যুগ পার হয়ে গেলেও সেই ঐতিহাসিক ৭-১ গোলের জ্বালা আজও ভোলেনি ফুটবল বিশ্ব। আর সেই ঘটনার পর থেকেই রাইভাল সমর্থকরা ব্রাজিলকে ‘সেভেন-আপ’ বলে ট্রল করে আসছে, যার প্রভাব এবার দেখা গেল গুগল সার্চেও।
গুগল কি আসলেই ব্রাজিল বিরোধী?
না, একদমই নয়! এটি গুগলের কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা ইচ্ছেকৃত কোনো অবস্থান নয়। গুগলের সার্চ ইঞ্জিন মূলত কাজ করে বিভিন্ন ওয়েবসাইট, নিউজ পোর্টাল, সোশ্যাল মিডিয়া এবং ব্যবহারকারীদের তৈরি করা কন্টেন্টের (UGC) ওপর ভিত্তি করে। ইন্টারনেটে নির্দিষ্ট সময়ে কোন বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, মানুষ কী লিখে সার্চ করছে এবং কোন ট্রেন্ডটা ভাইরাল—সবকিছু মিলিয়েই গুগলের জটিল অ্যালগরিদম এই ফলাফল প্রদর্শন করে।
সহজ কথায়, মানুষ ট্রল করতে করতে গুগলে এত বেশি ‘7up’ এবং ‘Brazil’ শব্দ দুটিকে একসাথে জুড়ে দিয়েছে যে, গুগলের রোবটও এখন দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেছে! ফুটবল মাঠের লড়াই এখন ইন্টারনেটের সার্চ বক্সেও কতটা জমজমাট, এই ঘটনা যেন তারই আরেকটা বড় প্রমাণ।
