
ছাত্রদের পক্ষ নিয়ে সালমান খানের পোস্ট। ছবি: সংগৃহীত
ভারতের শিক্ষা ব্যবস্থায় চলমান অস্থিরতা ও প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের মুখে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি এই সংকটময় পরিস্থিতিতে নিজের অবস্থান স্পষ্ট করেন।
সালমান খান তার পোস্টে উল্লেখ করেন যে, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন সরকার শিক্ষার্থীদের এই সংকটের সময় তাদের পাশে দাঁড়াবে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। অভিনেতা এই পরিস্থিতিকে এমন একটি ক্ষেত্র হিসেবে দেখছেন, যেখানে আলোচনার মাধ্যমে সবার জয় সম্ভব। তিনি বলেন, “আমি ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা করছি এবং যারা শিক্ষিত হতে আগ্রহী, তাদের সবার জন্য রইল শুভকামনা”।
নিজের পোস্টের শেষ অংশে সালমান খান ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি বড় স্বপ্নের কথা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে, ভারতে শিক্ষা এমন একটি ইতিবাচক ধারায় পরিণত হোক, যাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য ভারতে আসতে আগ্রহী হয়।
উল্লেখ্য যে, এর আগে প্রশ্নফাঁসবিরোধী এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সরব হয়েছেন বলিউড তারকাদের একাংশ। ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরউদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা এবং রিতেশ দেশমুখের মতো শিল্পীরা শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং সবাইকে শান্তিপূর্ণ আন্দোলনের পথে থাকার আহ্বান জানিয়েছেন।
